শুভেন্দুর হুঁশিয়ারির পর অ্যাকশনে পুলিশ, ফলতায় জোর ধরপাকড়
- ফ্যাক্ট ফাইল | Jun 18, 2026
নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক - ফলতা থানায় হামলা এবং কুখ্যাত দুষ্কৃতী ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর রাতভর অভিযানে আরও ৮ জনকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬-তে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাত পর্যন্ত সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও ও বিভিন্ন ছবি খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপরই শুরু হয় ধারাবাহিক অভিযান। ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা সৃষ্টি, অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রুজু করা হয়েছে।
তদন্তকারী আধিকারিকদের দাবি, এই হামলা পূর্বপরিকল্পিত ছিল। কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানকে হেফাজত থেকে মুক্ত করার উদ্দেশ্যেই থানায় হামলার ছক কষা হয়েছিল। এই ঘটনায় জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবির নামও উঠে এসেছে তদন্তে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সঙ্গে তাঁর সক্রিয় যোগাযোগের প্রমাণ মিলেছে। তাঁর বিরুদ্ধেও একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে তিনি পলাতক এবং তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, বুধবার ফলতায় একটি জনকল্যাণ শিবিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট নির্দেশ দেন, থানায় হামলার ঘটনায় জড়িত কাউকেই যেন রেহাই না দেওয়া হয়। সিসিটিভিতে যাদের চিহ্নিত করা গিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই পুলিশি তৎপরতা আরও বেড়ে যায়।
পুলিশের এক আধিকারিক জানান, “আইন নিজের পথে চলবে। যারা থানায় হামলা চালিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না।” পাশাপাশি তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছিল। অন্যদিকে প্রশাসনের দাবি, অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের আইনভঙ্গের বিরুদ্ধে কড়া ব্যবস্থা চলবে।
ফলতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত এগোলে আরও গ্রেফতারি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ।
