এগরায় শুরু হলো তিন দিনের ‘জনকল্যাণ শিবির’ ক্যাম্প, পরিদর্শনে মহকুমা শাসক ও পৌরপ্রধান
- পৌর বার্তা | Jun 16, 2026
নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক - পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর রাজ্যজুড়ে শুরু হলো বিশেষ তিন দিনব্যাপী ‘জনকল্যাণ শিবির’ কর্মসূচি। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে এই বিশেষ ক্যাম্পের। তারই অংশ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার উদ্যোগে মঙ্গলবার শুরু হলো জনকল্যাণ শিবির ক্যাম্প।
এদিন দুপুরে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হন এগরার মহকুমা শাসক (SDO) করমভির কেশভ। তাঁর সঙ্গে ছিলেন এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক, পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এবং প্রশাসনিক আধিকারিকরা। ক্যাম্পে সাধারণ মানুষের উপস্থিতি ও সরকারি পরিষেবা প্রদানের প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা।

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী তিন দিন ধরে চলবে এই বিশেষ জনকল্যাণ শিবির। এই শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি নতুন আবেদন গ্রহণ, নথিপত্র সংশোধন, বিভিন্ন প্রকল্প সংক্রান্ত অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে।
ক্যাম্প পরিদর্শনের সময় মহকুমা শাসক করমভির কেশভ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁরা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। চেয়ারম্যান স্বপন নায়কও ক্যাম্পে উপস্থিত নাগরিকদের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতা শোনেন। একই সঙ্গে কর্তব্যরত সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হয় যাতে কোনো মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়।
নতুন সরকারের উদ্যোগে আয়োজিত এই জনকল্যাণ শিবিরকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। বহু মানুষ সকাল থেকেই বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা নিতে ক্যাম্পে ভিড় জমান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী আরও দু’দিন এগরা পৌরসভার বিভিন্ন জোনে এই ক্যাম্পের কার্যক্রম চলবে।
সরকারি পরিষেবাকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
