ডাম্পার সন্ত্রাসে অতিষ্ঠ বড় ধেমো! ‘নোনিয়া সাম্রাজ্য’ ভাঙতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ক্ষুব্ধ গ্রামবাসী
- পৌর বার্তা | Jun 14, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - আসানসোল পৌরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধেমোমেন কলিয়ারি সংলগ্ন বড় ধেমো গ্রামে ডাম্পার সন্ত্রাস, দূষণ ও তথাকথিত ‘মাফিয়া রাজ’-কে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যধিক পণ্যবাহী ডাম্পারের দাপটে কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে তাঁদের দৈনন্দিন জীবন। এবার সেই ক্ষোভ নিয়েই সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। প্রশাসনের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়ে অবিলম্বে তদন্ত ও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ধেমোমেন কলিয়ারির রেলওয়ে সাইডিংকে কেন্দ্র করে দিনরাত অবাধে চলাচল করছে ১৬ চাকা ও ২২ চাকার বিশাল পণ্যবাহী ডাম্পার। গ্রামের মূল রাস্তার ওপর দিয়েই জোরপূর্বক এই ভারী যানবাহন চালানো হচ্ছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, পাশাপাশি ধুলো ও দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকা। শিশু থেকে প্রবীণ—সকলের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি বাসিন্দাদের।

নিজস্ব চিত্র
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো অভিযোগপত্রে আসানসোল পৌরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় নোনিয়া, তাঁর বাবা রোহিত নোনিয়া এবং তাঁদের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং-এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। গ্রামবাসীদের দাবি, এঁদের নেতৃত্বেই এলাকায় দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে চলছে বেআইনি জমি দখল, ডাম্পার সিন্ডিকেট ও তথাকথিত মাফিয়া কার্যকলাপ।
অভিযোগে আরও বলা হয়েছে, ইসিএল-এর জমি বেআইনিভাবে দখল করে সেখানে বিশাল আকারের একটি বিলাসবহুল ‘নোনিয়া প্রাসাদ’ নির্মাণ করা হয়েছে। বিষয়টির উচ্চপর্যায়ের তদন্তের দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূলের শাসনামলে এই ডাম্পার সন্ত্রাস ও জমি দখলের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাঁদের ভয় দেখানো হত। এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলেও দাবি উঠেছে। অভিযোগ, সঞ্জয় নোনিয়া, রোহিত নোনিয়া ও সঞ্জয় সিংয়ের অনুগামী দুষ্কৃতীরাই এলাকার সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রাখত। উল্লেখ্য, কিছুদিন আগেই স্থানীয় বিজেপি কর্মীদের মারধরের ঘটনাতেও এই নামগুলি উঠে এসেছিল বলে দাবি এলাকাবাসীর।
এলাকার আইন-শৃঙ্খলার অবনতির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই অবিলম্বে ডাম্পার চলাচলে নিয়ন্ত্রণ, দূষণ রোধ, বেআইনি দখলদারি বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বড় ধেমো গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখন দেখার, ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।
