গ্যাস ভর্তি সিলিন্ডারে জল! গয়েশপুরে গ্রাহকের অভিযোগে চাঞ্চল্য
- পৌর বার্তা | Jun 14, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - গ্যাস ভর্তি সিলিন্ডারের বদলে জলে ভর্তি সিলিন্ডার সরবরাহের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গয়েশপুর পৌরসভা-র ১৩ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ওয়ার্ডের বাসিন্দা দিপ্তী দাস কয়েক দিন আগে একটি রান্নার গ্যাস সিলিন্ডার নেন। অভিযোগ, গ্যাস ব্যবহার করার সময় বারবার ওভেন নিভে যেতে থাকে। প্রথমে বিষয়টি স্বাভাবিক সমস্যা বলে মনে হলেও পরে সন্দেহ হওয়ায় তিনি সিলিন্ডারটি বাইরে এনে পরীক্ষা করেন। তখনই তাঁর দাবি, সিলিন্ডারের ভিতরে গ্যাসের পরিবর্তে জল রয়েছে।
ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর দ্রুত সংশ্লিষ্ট গ্যাস সাপ্লাই অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ এসে সিলিন্ডারটি বদলে দেয় বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও আশপাশের কয়েকটি বাড়িতে একই ধরনের ঘটনা ঘটেছে। ফলে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। গ্রাহকদের একাংশের দাবি, বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করা হোক।

নিজস্ব চিত্র
এদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে স্থানীয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বও। তাঁদের বক্তব্য, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং খুব শীঘ্রই গ্যাস অফিসে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি, এলাকার কোনও উপভোক্তা যাতে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত না হন, সে দিকেও নজর রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
