লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


দুর্গাপুরের প্রাক-বাজেট বৈঠকে শিল্পায়ন ইস্যুতে সরব অগ্নিমিত্রা পাল, পূর্বতন সরকারকে তোপ

  • জেলার চালচিত্র | Jun 14, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দুর্গাপুরে শিল্পোন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রাক-বাজেট বৈঠকে শিল্পায়ন ইস্যুতে সরব হলেন রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী অগ্রিমিত্রা পাল । রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি পূর্বতন সরকারের বিরুদ্ধে শিল্পোদ্যোগীদের সমস্যার সমাধানে ব্যর্থতার অভিযোগ তোলেন।

 

মন্ত্রী দাবি করেন, শিল্প স্থাপনের জন্য বহু প্রচারিত ‘সিঙ্গল উইন্ডো’ পরিষেবা বাস্তবে কার্যকরভাবে কাজ করেনি। ফলে উদ্যোক্তাদের একাধিক সরকারি দপ্তরে ঘুরতে হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন বা পরিষেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তাঁর অভিযোগ, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার বদলে জটিল প্রশাসনিক প্রক্রিয়া শিল্পোদ্যোগীদের নিরুৎসাহিত করেছে।

 

তিনি আরও বলেন, নতুন শিল্প স্থাপন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রশাসনিক স্বচ্ছতা ও দ্রুত পরিষেবা অত্যন্ত জরুরি। বর্তমান সরকার শিল্পপতিদের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের পথে এগোতে চায় বলেও দাবি করেন তিনি।

 

 

 

 

রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই প্রাক-বাজেট বৈঠকে পশ্চিম বর্ধমান-সহ মোট সাত জেলার শিল্পপতি, ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ সরকারের একাধিক প্রতিনিধি।

 

বৈঠকে শিল্পোদ্যোগীরা জমি সংক্রান্ত জটিলতা, বিদ্যুৎ ও পরিকাঠামোগত সমস্যা, লাইসেন্স প্রক্রিয়ার বিলম্ব, কর সংক্রান্ত জটিলতা এবং ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত দুর্গাপুরে নতুন বিনিয়োগ টানতে হলে প্রশাসনিক সহযোগিতা আরও বাড়ানোর দাবি জানান তাঁরা।

 

মন্ত্রীদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নেবে এবং শিল্পোদ্যোগীদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। একই সঙ্গে আগামী বাজেটে শিল্প, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার ইঙ্গিতও উঠে আসে বৈঠক থেকে।

 

দুর্গাপুরের মতো ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলে এই প্রাক-বাজেট বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিল্পমহল। বিশেষজ্ঞদের মতে, শিল্পপতিদের মতামতকে গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণ করা হলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়তে পারে।