লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ‘বিশ্ববাংলা’ লোগো অপসারণ ঘিরে চাঞ্চল্য, বিজেপির পদক্ষেপে মিশ্র প্রতিক্রিয়া

  • জেলার চালচিত্র | Jun 14, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাসস্ট্যান্ডে থাকা রাজ্য সরকারের ‘বিশ্ববাংলা’ লোগো অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে ওই লোগো সরিয়ে ফেলার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ এই পদক্ষেপকে “সরকারি স্থাপনা থেকে দলীয় প্রভাবমুক্ত করার উদ্যোগ” বলে দাবি করলেও, বিরোধী রাজনৈতিক শিবিরের তরফে এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিযোগ তোলা হয়েছে।

 

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সরকারি অর্থে নির্মিত বাসস্ট্যান্ডে এমন কোনো প্রতীক বা লোগো থাকা উচিত নয় যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের ভাবমূর্তির সঙ্গে সরাসরি যুক্ত বলে সাধারণ মানুষের একাংশ মনে করেন। তাঁদের বক্তব্য, সরকারি সম্পত্তি সর্বজনের, তাই সেখানে এমন প্রতীক থাকা প্রয়োজন যা দল-মত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য। বিজেপি নেতৃত্ব আরও জানায়, ভবিষ্যতে ওই স্থানে দেশের কোনো বরেণ্য মনীষীর মূর্তি অথবা সর্বজনীন সাংস্কৃতিক প্রতীক স্থাপনের দাবি তোলা হবে।

 

 

নিজস্ব চিত্র

 

ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিজেপির এই পদক্ষেপকে সাহসী ও জনমুখী সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন, আবার অনেকেই মনে করছেন রাজনৈতিক সংঘাতের পরিবর্তে উন্নয়নমূলক কাজের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্থানীয় ব্যবসায়ী মহলের একাংশের বক্তব্য, বাসস্ট্যান্ডের পরিকাঠামো উন্নয়ন ও যাত্রী পরিষেবা আরও ভালো করা এখন সময়ের দাবি।

 

ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও প্রশাসনিক কর্তারা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছেন।