শিক্ষক থেকে বিধায়ক — রামনগর রাও হাইস্কুলে ড. চন্দ্রশেখর মণ্ডলকে সংবর্ধনা
- জেলার চালচিত্র | Jun 14, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল রামনগর রাও হাইস্কুল। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক তথা রামনগর বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ক ড. চন্দ্রশেখর মণ্ডল-কে সংবর্ধনা জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ শুভেচ্ছা অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা ফুলের তোড়া, উত্তরীয় এবং শুভেচ্ছা স্মারক প্রদান করে তাঁদের প্রিয় শিক্ষককে সম্মান জানান। দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার কারণে বিদ্যালয়ের সঙ্গে ড. মণ্ডলের সম্পর্ক অত্যন্ত গভীর ও আত্মিক। শিক্ষক থেকে জনপ্রতিনিধি হয়ে ওঠার এই সাফল্যে গর্বিত গোটা বিদ্যালয় পরিবার।

নিজস্ব চিত্র
অনুষ্ঠানজুড়ে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসাহ ও আবেগের বিশেষ পরিবেশ। বিদ্যালয়ের তরফে জানানো হয়, একজন শিক্ষকের এই সাফল্য আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. চন্দ্রশেখর মণ্ডলের পরিবারের সদস্যরাও। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ ও আবেগময় করে তোলে। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ড. মণ্ডলের আগামী দিনের রাজনৈতিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. চন্দ্রশেখর মণ্ডলের ভাই রাজশেখর মণ্ডল-ও। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্কুলের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে এবং এই সম্মান তাঁদের পরিবারের কাছেও অত্যন্ত গর্বের বিষয়।
নিজের বক্তব্যে ড. চন্দ্রশেখর মণ্ডল বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও স্কুলের পাশে থেকে শিক্ষার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
সকলের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনায় অনুষ্ঠানটি রামনগর রাও হাইস্কুলের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
