মোদী সরকারের ১২ বছর: ফলতায় খতিয়ান পেশ, রেকর্ড ও উন্নয়নের দাবি
- ফ্যাক্ট ফাইল | Jun 13, 2026
নিজস্ব প্রতিনিধ, জেলার বার্তা ডেস্ক - কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ফলতায় আয়োজিত এক সভায় সরকারের সাফল্য, উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরল বিজেপি নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা এবং জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, মোদী সরকার দেশের ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা সরকার হিসেবে এক নতুন রেকর্ড গড়েছে। তিনি দাবি করেন, এই সাফল্য শুধু বিজেপির নয়, সমগ্র দেশবাসীর গর্বের বিষয়।

নিজস্ব চিত্র
অন্যদিকে জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, বিজেপির পথচলা শুরু হয়েছিল ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগান দিয়ে। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হয়েছে ‘সবকা বিশ্বাস’ এবং ‘সবকা প্রয়াস’। তাঁর দাবি, এই নীতিগুলি শুধুমাত্র রাজনৈতিক স্লোগান হয়ে থাকেনি, বরং বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনে প্রভাব ফেলেছে।
ভুয়ো সুবিধাভোগী বাতিল, সরাসরি সুবিধা পৌঁছনো
বিধায়ক দেবাংশু পান্ডা জানান, আধার সংযোগের মাধ্যমে লক্ষ লক্ষ ভুয়ো সুবিধাভোগীকে চিহ্নিত করে সরকারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত উপভোক্তাদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এবং সরকারের বিপুল অর্থ সাশ্রয় হয়েছে বলেও দাবি করেন তিনি।
২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে
উৎপল নস্কর বলেন, “গরিবি হটাও” এখন আর শুধুই রাজনৈতিক স্লোগান নয়। বিজেপি সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে মানুষের ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে কাজ করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন বলে তিনি দাবি করেন।
করোনাকালে বিনামূল্যে রেশন
সভায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কথাও উল্লেখ করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, করোনার মতো কঠিন সময়ে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে খাদ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। দেবাংশু পান্ডা বলেন, “করোনার সময় গোটা দেশ অনিশ্চয়তার মধ্যে ছিল। সেই সময় কেন্দ্র সরকারের উদ্যোগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল।
সভা শেষে বিজেপি নেতৃত্ব দাবি করে, গত ১২ বছরে দেশের উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মোদী সরকার নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
