লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


দেয়াল ভেঙে সর্বস্ব লুট! বারুইপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

  • ফ্যাক্ট ফাইল | Jun 13, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বারুইপুরে। সদর দরজার তালা অক্ষত রেখেই রান্নাঘরের দেয়াল ভেঙে নগদ টাকা, সোনার গহনা সহ একাধিক মূল্যবান সামগ্রী লুট করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর কুন্দরালী এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

 

জানা গিয়েছে, বাড়ির মালকিন লক্ষ্মী রানী বসাক শারীরিক অসুস্থতার কারণে প্রায় তিন-চার দিন আগে জামাইয়ের বাড়িতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, অসুস্থ হলে তিনি মাঝেমধ্যেই সেখানে গিয়ে থাকেন। কিন্তু এবার বাড়ি ফিরে কার্যত হতবাক হয়ে যান তিনি।

 

তিনি দেখতে পান, বাড়ির সদর দরজায় লাগানো তালা অক্ষত থাকলেও ভেতরের অবস্থা সম্পূর্ণ এলোমেলো। ঘরের ভিতরের দরজা খোলা, চারদিকে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরে খতিয়ে দেখে জানা যায়, দুষ্কৃতীরা রান্নাঘরের দেয়াল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে এই চুরির ঘটনা ঘটিয়েছে।

 

অভিযোগ, আলমারিতে রাখা প্রায় ২০ হাজার টাকা নগদ, বেশ কিছু সোনার গহনা, মূল্যবান পিতল ও কাঁসার বাসনপত্র, ফ্যান সহ বাড়ির একাধিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চুরি গেছে।

নিজস্ব চিত্র

 

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানা-র পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকায় তল্লাশি ও তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 

এদিকে, পরপর চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি বারুইপুরের বিভিন্ন এলাকায় এই ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে এলাকায় পুলিশি টহল বৃদ্ধি ও প্রশাসনের কড়া নজরদারির দাবি তুলেছেন তাঁরা।