আড়াইশো কোটি টাকার আম্ফান দুর্নীতি! বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
- ফ্যাক্ট ফাইল | Jun 13, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - আম্ফান ত্রাণ দুর্নীতি নিয়ে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রায় আড়াইশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, উদ্ধার হওয়া একাধিক নথিতে প্রত্যেক বেনিফিশিয়ারির নামের পাশেই “Recommended By Abhishek Banerjee” লেখা রয়েছে। সেই কারণেই তাঁকে এই মামলার “Prime Accused” হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে দাবি করা হয়েছে, আম্ফান পরবর্তী ত্রাণ বণ্টনে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেকেই সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন, অথচ রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে বহু নাম তালিকাভুক্ত করা হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, এই পুরো দুর্নীতির সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের যোগ রয়েছে এবং সেই কারণেই নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।

নিজস্ব চিত্র
বিষ্ণুপুর থানায় জমা পড়া অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ত্রাণের অর্থ বণ্টনে স্বচ্ছতা ছিল না এবং কোটি কোটি টাকার সরকারি তহবিল নয়ছয়ের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিরোধীদের দাবি, আম্ফান দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হলে একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে।
ঘটনার পর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে বলে সূত্রের খবর। এখন দেখার, তদন্ত কোন দিকে এগোয় এবং এই অভিযোগ রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।
