লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বিজেপি করার ‘অপরাধে’ আক্রান্ত সুজিত সর্দার, পালাবদলের পরেও মিলছে না সুবিচার!

  • ফ্যাক্ট ফাইল | Jun 13, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু বদলেছে কি সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারের বাস্তব চিত্র? এই প্রশ্নই নতুন করে সামনে আনছে সুজিত সর্দারের ঘটনা। ২০২২ সালে বিজেপি সমর্থক হওয়ার ‘অপরাধে’ দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলালেও, অভিযোগ—আজও তিনি সুবিচার থেকে বঞ্চিত। বরং পুরনো মামলা তুলে নেওয়ার জন্য ফের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফিরছিলেন সুজিত সর্দার। সেই সময় আচমকাই তৃণমূল আশ্রিত বলে অভিযোগ থাকা একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয় বলেও অভিযোগ।

 

 

 

সেই ভয়াবহ হামলায় সুজিত সর্দারের মাথায় ৭০টিরও বেশি সেলাই পড়ে। দীর্ঘ চিকিৎসার পর কোনওরকমে প্রাণে বাঁচেন তিনি। পরে আইনের দ্বারস্থ হলেও, তাঁর অভিযোগ—তৎকালীন রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেয়নি। ফলে অভিযুক্তরা প্রকাশ্যেই এলাকায় ঘুরে বেড়াতে থাকে।

 

বর্তমানে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সুজিতের আশা ছিল, অন্তত এবার তিনি সুবিচার পাবেন। কিন্তু অভিযোগ, বাস্তবে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। পুরনো অভিযুক্তরা এখনও এলাকায় প্রভাব বিস্তার করছে এবং মামলা তুলে নেওয়ার জন্য লাগাতার চাপ দিচ্ছে বলে দাবি তাঁর।

 

শুধু তাই নয়, মামলা না তুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সুজিত সর্দার ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

 

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উঠছে একাধিক প্রশ্ন। রাজ্যে সরকার পরিবর্তনের পরও যদি আক্রান্ত ব্যক্তি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে প্রশাসনিক কড়াকড়ি কোথায়? অপরাধীদের বিরুদ্ধে এখনও কেন দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি?

 

নিজেদের নিরাপত্তা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতিমধ্যেই প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের দ্বারস্থ হয়েছেন সুজিত সর্দার। এখন দেখার, নতুন সরকার ও প্রশাসন এই ঘটনায় কতটা দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়, এবং দীর্ঘদিনের অপেক্ষার পর আদৌ সুবিচার পান কি না এই আক্রান্ত বিজেপি কর্মী।