বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে কাঁথিতে সচেতনতা র্যালি, কড়া বার্তা মন্ত্রীর
- ফ্যাক্ট ফাইল | Jun 12, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাঁথিতে শ্রমদপ্তরের উদ্যোগে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক, কর্মী এবং সাধারণ মানুষ। শিশু শ্রম রোধে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
র্যালিটি কাঁথি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। অনুষ্ঠানের শেষে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস, শ্রম বিভাগের আধিকারিক গণেশচন্দ্র কর্মকার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা।
সভা থেকে শিশু শ্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়। বক্তারা জানান, শ্রম আইনে ১৮ বছরের নিচে কোনও শিশু বা কিশোরকে দোকান, কারখানা বা অন্য কোনও কর্মস্থলে কাজে নিয়োগ করা আইনত দণ্ডনীয় অপরাধ। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতেই এই আইন কার্যকর করা হয়েছে।

নিজস্ব চিত্র
মন্ত্রী অরূপ কুমার দাস বলেন, যদি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান ১৮ বছরের নিচে কোনও শিশুকে বেতনভুক্ত কর্মচারী হিসেবে নিযুক্ত করে এবং তা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিশু শ্রম রোধে শুধুমাত্র প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। রাজ্য সরকারের প্রচার ও সচেতনতা কর্মসূচিকে গুরুত্ব দিয়ে সমাজের প্রতিটি মানুষকে এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরাও শিশু শ্রম বন্ধে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান। তাঁদের মতে, শিশুদের হাতে বই থাকা উচিত, শ্রমের বোঝা নয়।
