দিঘা জগন্নাথ ধামের নাম পরিবর্তন, ‘সংশোধনের’ পথে বিজেপি সরকার: বার্তা রামনগরের বিধায়কের
- জেলার চালচিত্র | Jun 11, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের উদ্যোগে গড়ে ওঠা “দিঘা জগন্নাথ ধাম” ঘিরে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছিল প্রতিবেশী রাজ্য উড়িষ্যার সঙ্গে। বিশেষ করে “ধাম” শব্দ ব্যবহারে আপত্তি ওঠে বিভিন্ন মহলে। এরই মধ্যে বাংলায় রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গতকাল ঘোষণা করেন, “দিঘা জগন্নাথ ধাম”-এর নাম পরিবর্তন করে “দিঘা জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক সেন্টার” করা হবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর দিঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করেন রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মন্ডল। উপস্থিত ছিলেন দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য তথা ইসকন কলকাতার সভাপতি রাধারামন দাস সভাপতি রাধারামন দাস সহ অন্যান্যরা।

সাংবাদিক বৈঠকে বিধায়ক চন্দ্রসেখর মন্ডল বলেন,
“আমরা পরিবর্তন চাই না, সংশোধনে বিশ্বাসী। আগের সরকারের প্রকল্প আমাদের সরকার বাতিল করেনি, শুধু সংশোধন করেছে। দিঘা জগন্নাথ ধাম নিয়ে নানা বিতর্ক থাকায় ‘ধাম’ শব্দটি বাদ দিয়ে ‘দিঘা জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক সেন্টার’ নামকরণ করা হয়েছে। প্রশাসনিক নিয়ম মেনে এবং সনাতনী ভাবধারাকে গুরুত্ব দিয়েই আগামী দিনে সমস্ত কাজ হবে। রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে সকলের সহযোগিতায় সনাতন ধর্মের প্রতি আস্থা রেখে এগোতে হবে।”
অন্যদিকে, মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস বলেন,“রাজনৈতিক কচকচানি ভুলে আমরা সবাই সনাতনী হিসেবে প্রভু জগন্নাথের ভক্ত। পুরী হোক বা দিঘা— সর্বত্রই ভক্তরা প্রভু জগন্নাথের নাম স্মরণ করে ভক্তিতে মেতে ওঠেন।”
নাম পরিবর্তনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় মহলে আলোচনা শুরু হয়েছে। তবে প্রশাসনের দাবি, বিতর্ক এড়িয়েই সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবাবেগকে মর্যাদা দিয়ে ভবিষ্যতে মন্দির সংক্রান্ত সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
