শালবনীতে প্রাক্তন বিধায়কের আপ্ত সহায়কের বাড়িতে তল্লাশি, উদ্ধার সরকারি ত্রিপল-দলীয় সামগ্রী
- ফ্যাক্ট ফাইল | Jun 10, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক -পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে প্রাক্তন বিধায়ক শ্রীকান্ত মাহাতোর আপ্ত সহায়ক বরুন ঘোষের বাড়িতে পুলিশি তল্লাশিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার বিকেল থেকেই এলাকায় গুজব ছড়ায় যে ওই বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা মজুত রয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশে অভিযোগ জানান। এরপরই সন্ধ্যায় বরুন ঘোষের বাড়িতে হানা দেয় জেলা পুলিশের বিশেষ দল।

নিজস্ব চিত্র
তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ সরকারি ও দলীয় সামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে সরকারি লোগোযুক্ত ত্রিপল, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, দলীয় প্রতীক চিহ্ন সম্বলিত ছাতা এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি। এছাড়াও বিধায়কের প্যাড ও বিভিন্ন কাগজপত্রও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নিজস্ব চিত্র
স্থানীয় সূত্রে দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী কীভাবে একজন আপ্ত সহায়কের ব্যক্তিগত বাড়িতে মজুত ছিল, তা নিয়েই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। উদ্ধার হওয়া দলীয় সামগ্রী দেখে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সেগুলি কোনও রাজনৈতিক কর্মসূচি বা নির্বাচনী কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।
যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ উদ্ধার হওয়া নথি ও সামগ্রী খতিয়ে দেখছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শালবনী এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
