লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


ডোমকলে তৃণমূল কার্যালয়ে একাধিক তালা, রাজনৈতিক মহলে জোর জল্পনা

  • ফ্যাক্ট ফাইল | Jun 08, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - মুর্শিদাবাদের ডোমকলের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ঘিরে। রবিবার দুপুর থেকে হঠাৎই দলীয় কার্যালয়ের মূল ফটকে এক বা দুটি নয়, প্রায় চারটি তালা ঝুলতে দেখা যায়। দীর্ঘদিন ধরে যেখানে দলীয় কর্মী-সমর্থকদের আনাগোনা ছিল নিত্যদিনের ঘটনা, সেখানে আচমকাই কার্যালয় বন্ধ হয়ে যাওয়ায় শুরু হয়েছে জোর জল্পনা।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দলীয় কর্মসূচি, বৈঠক কিংবা সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে কার্যালয়ে ভিড় লেগেই থাকত। কিন্তু রবিবার থেকে সম্পূর্ণ ভিন্ন ছবি সামনে আসে। দলীয় কার্যালয়ের দরজায় একাধিক তালা ঝুলতে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

 

নিজস্ব চিত্র

তাহলে কি ডোমকলে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কার্যকলাপে ভাটা পড়েছে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও অভ্যন্তরীণ কারণ? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

 

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব কিংবা সংগঠনের অভ্যন্তরীণ সমীকরণের জেরেও এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু বলতে নারাজ স্থানীয় নেতৃত্ব।

 

অন্যদিকে, দীর্ঘদিন ধরে যিনি দলীয় কার্যালয়ের দেখভালের দায়িত্বে ছিলেন, তাঁর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও এই আকস্মিক পরিবর্তনে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, প্রতিদিন দলীয় কার্যালয়ে চা-সহ বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হত। হঠাৎ করে কার্যালয় বন্ধ হয়ে যাওয়ায় তারাও বিষয়টি নিয়ে কৌতূহলী।

 

এখন প্রশ্ন একটাই—এটি কি শুধুই সাময়িকভাবে কার্যালয় বন্ধ রাখার ঘটনা, নাকি এর পিছনে রয়েছে বড় কোনও রাজনৈতিক সমীকরণ? ডোমকলের তৃণমূল কার্যালয়ে একাধিক তালা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।