লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সালানপুরে পুলিশি অভিযান: অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে ধৃত ৪, পলাতক আরও ১

  • ফ্যাক্ট ফাইল | Jun 08, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে অবৈধ পাথর খাদানের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে সরকারি অনুমতি ছাড়াই বেআইনিভাবে পাথর খাদান চালানোর অভিযোগ উঠেছিল অভিযুক্তদের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আচমকা অভিযান চালিয়ে এই সাফল্য পায় বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে খবর, রাজ্যে সরকারের পালাবদলের পর থেকেই বেআইনি ব্যবসা ও অবৈধ খাদানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। সেই সূত্র ধরেই গতকাল রাতে সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। অভিযান চলাকালীন চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রঞ্জিত সিং, বিষম রায়, মধুসূদন মণ্ডল এবং রাকেশ কুমার সিং ওরফে যোগিন্দর সিং। প্রত্যেকেই সালানপুর ব্লকের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 

নিজস্ব চিত্র

 

তবে এই চক্রের অন্যতম অভিযুক্ত মিহির ঘোষ এখনও পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ আধিকারিকদের দাবি, খুব শীঘ্রই তাকেও গ্রেফতার করা সম্ভব হবে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিতপুর-উত্তরামপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর খাদান পরিচালনা করা হচ্ছিল। অভিযোগ, কোনও সরকারি অনুমতি বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই রাতের অন্ধকারে এই খাদানগুলিতে কাজ চলত। এর ফলে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের উপরও মারাত্মক প্রভাব পড়ছিল। এলাকাবাসীর একাংশের অভিযোগ, অবৈধ খাদানের কারণে বহু জায়গায় মাটি ধস, ধুলো দূষণ এবং শব্দ দূষণের সমস্যা বেড়ে গিয়েছিল।

 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনায় বিভিন্ন ধারায় তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আজ সোমবার আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে এবং এই বেআইনি চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানার জন্য অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে।

 

প্রশাসনের দাবি, অবৈধ খাদান ও বেআইনি খনিজ ব্যবসার বিরুদ্ধে আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদেরও চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।