বুলডোজার রাজের প্রতিবাদে গ্রেফতার সৃজন ভট্টাচার্য
- ফ্যাক্ট ফাইল | Jun 08, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে রবিবার গভীর রাতে তীব্র উত্তেজনা ছড়ায়। রেল কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বামপন্থী সংগঠন, হকার এবং সাধারণ মানুষ বিক্ষোভে সামিল হন। অভিযোগ, আন্দোলনকারীদের সরাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে আটক করা হয়।
বিক্ষোভকারীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে জোরপূর্বক উচ্ছেদ চালানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী-সহ একাধিক বাম ও কংগ্রেস নেতৃত্ব। পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হন বলেও অভিযোগ উঠেছে।

সৃজন ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশ ও পুনর্বাসনের বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত উচ্ছেদ করা উচিত নয়। তাঁর অভিযোগ, প্রশাসন পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধীদের অভিযোগ, “বুলডোজার রাজ” কায়েম করে গরিব মানুষের রুজি-রুটির উপর আঘাত হানা হচ্ছে।
