রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, এক ধাক্কায় ২৯ টাকা বৃদ্ধি পশ্চিম বর্ধমানেও
- ফ্যাক্ট ফাইল | Jun 07, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার জেরে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে বৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বেড়েছে ২৯ টাকা। ফলে বর্তমানে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে প্রায় ৯৬৮ টাকা।

এর আগেও গত কয়েকদিনের মধ্যে বাণিজ্যিক গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম একাধিকবার বৃদ্ধি পেয়েছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে গত তিন মাসে দু’বার বাড়ল রান্নার গ্যাসের দাম, যা সাধারণ মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ ও খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, গ্যাসের দাম বৃদ্ধির ফলে খাবারের দামও বাড়তে পারে আগামী দিনে।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সহ বিভিন্ন এলাকায় এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা যাচ্ছে। সাধারণ মানুষ ইতিমধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে চাপে রয়েছেন, তার মধ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নতুন করে উদ্বেগ বাড়াল।
