মগরাহাটে ত্রাণ সামগ্রী উদ্ধার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য
- ফ্যাক্ট ফাইল | Jun 04, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমে প্রাক্তন বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা-র বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীর উদ্যোগে ওই বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন ত্রাণসামগ্রী ছাড়াও বিপুল পরিমাণ সাদা থান কাপড়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধী মহলের একাংশের অভিযোগ, ভবিষ্যতে রাজনৈতিক বা সামাজিক কাজে ব্যবহারের উদ্দেশ্যেই এই সামগ্রী মজুত করে রাখা হয়েছিল। এমনকি কটাক্ষ করে কেউ কেউ দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় এলে এই সাদা থান কাপড় “সদব্যবহার”-এর নামে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হতে পারত।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পরে উস্থি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আটক করে তদন্ত শুরু করে।
এই ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন, যাতে উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত উৎস এবং ব্যবহার সম্পর্কে স্পষ্ট তথ্য সামনে আসে।
