আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা, পুড়ে মৃত্যু ডাম্পার চালকের
- ফ্যাক্ট ফাইল | Jun 04, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-আসানসোল: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সালানপুর থানার এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ডাম্পার চালকের। বৃহস্পতিবার ভোরে মেলাকলা মোড় সংলগ্ন ধানবাদগামী রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি কয়লা বোঝাই ডাম্পার দ্রুতগতিতে যাওয়ার সময় সামনে থাকা একটি মালবোঝাই বড় লরির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ডাম্পারের সামনের কেবিন সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এরপরই ডাম্পারে আগুন লেগে যায়।
দুর্ঘটনার সময় ডাম্পারের চালক কেবিনের ভিতরে আটকে পড়েন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি বেরোতে পারেননি। ঘটনাস্থলেই আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

নিজস্ব চিত্র
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে দমকল কর্মীরা পুড়ে যাওয়া কেবিন থেকে চালকের দেহ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে অনুমান, ঘন কুয়াশা অথবা অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে সালানপুর থানার পুলিশ।
এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
