বর্ণপুরে চুরির অভিযোগে ধৃত দুই যুবককে দড়ি বেঁধে বাজারে ঘোরাল পুলিশ
- ফ্যাক্ট ফাইল | Jun 04, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। চুরির অভিযোগে গ্রেপ্তার দুই যুবককে আদালতে তোলার আগে প্রকাশ্যে বাজার এলাকায় দড়ি বেঁধে ঘোরানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বর্ণপুর এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল ষষ্ঠী নগর এলাকা থেকে স্বয়ন ও মহম্মদ আদন নামে দুই যুবককে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের কোমরে দড়ি বেঁধে হিরাপুর থানা থেকে বর্ণপুর বাসস্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেই সময় বাজারে উপস্থিত বহু মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন।

নিজস্ব চিত্র
ঘটনার ভিডিও ও ছবি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের দাবি, অপরাধ দমনে পুলিশের এই কড়া বার্তা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে। অন্যদিকে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাঁদের বক্তব্য, আদালতে দোষ প্রমাণের আগে এভাবে প্রকাশ্যে অভিযুক্তদের অপমান করা আইন ও মানবাধিকারের পরিপন্থী হতে পারে।
পুলিশের দাবি, এলাকায় বাড়তে থাকা চুরির ঘটনায় কড়া বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ অপরাধমূলক কাজে জড়াতে সাহস না পায়। পরে ধৃত দুই যুবককে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, এই ঘটনায় উচ্চপদস্থ কর্তৃপক্ষ কোনও তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করে কিনা।
