১৮ বাংলাদেশীকে আটক করল কুলতলি থানার পুলিশ
- ফ্যাক্ট ফাইল | Jun 04, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা: গোপন সূত্রে খবর পেয়ে আরও ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কুলতলি থানার গোদাবর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ধৃতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তাঁরা বাংলাদেশের বাসিন্দা। দালালের মাধ্যমে অবৈধভাবে কাঁটাতারের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে তাঁরা কুলতলি এলাকার বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ স্থানীয় ইটভাটায় শ্রমিকের কাজও করতেন।

নিজস্ব চিত্র
সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। সেখানে রাখার পর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের পরিচয়পত্র ও অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হতে পারে। এরপর সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে পুলিশ ও প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
