শুভেন্দু অধিকারীর হাত ধরে অন্নপূর্ণা যোজনার সূচনা, এগরায় মহিলাদের আর্থিক সহায়তা ও শংসাপত্র প্রদান
- পৌর বার্তা | Jun 04, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-শুভেন্দু অধিকারীর উদ্যোগে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘অন্নপূর্ণা যোজনা’। রাজ্যের দুঃস্থ ও যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা ও পুষ্টি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্পের উদ্বোধন ঘিরে উৎসবের আবহ তৈরি হয় পূর্ব মেদিনীপুরের এগরায় ।
আজ দুপুরে এগরা পৌরসভা কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপভোক্তা মহিলাদের হাতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দিব্যেন্দু অধিকারী, এগরার মহকুমা শাসক করমভির কেশভ এবং পৌরপ্রধান স্বপন নায়ক-সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও প্রশাসনিক আধিকারিকরা।

নিজস্ব চিত্র
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং পরিবারে পুষ্টির সুরক্ষা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন,
“মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই স্বপ্নের প্রকল্প রাজ্যের মা-বোনেদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করবে। এগরা পৌরসভার প্রতিটি যোগ্য সুবিধাভোগীর কাছে যাতে স্বচ্ছতার সঙ্গে এই প্রকল্পের সুবিধা পৌঁছায়, তা প্রশাসন নিশ্চিত করছে।”
মহকুমা শাসক করমভির কেশভ জানান, সরকারি নিয়ম মেনে যথাযথ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে উপভোক্তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রথম দফায় শংসাপত্র বিতরণ করা হলো।
পৌরপ্রধান স্বপন নায়ক এই উদ্যোগের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। অন্যদিকে প্রশাসনের হাত থেকে শংসাপত্র পেয়ে খুশি উপভোক্তা মহিলারাও। তাঁদের আশা, এই প্রকল্প ভবিষ্যতে সংসারের আর্থিক চাপ কিছুটা হলেও কমাতে সাহায্য করবে।
