বারুইপুরে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে তৃণমূল উপ পুরপ্রধান, কটাক্ষ বিজেপির
- পৌর বার্তা | Jun 03, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - বিমান বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বারুইপুর পুরসভার উপ পুরপ্রধান গৌতম দাস বুধবার বারুইপুরের সোনার তরী কমিউনিটি হলে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ কর্মসূচিতে অংশ নেন। এলাকার মহিলাদের সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সকাল থেকেই সেখানে ফর্ম পূরণে সাহায্য করেন তৃণমূল নেতা-কর্মীরা।
উপ পুরপ্রধান গৌতম দাস জানান, এলাকার সমস্ত যোগ্য মহিলারা যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা পান, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনপত্র পূরণের পাশাপাশি কীভাবে আবেদন করতে হবে এবং কোন কোন নথি প্রয়োজন, সে বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়। একইসঙ্গে রাজ্য সরকারের এই প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, মহিলাদের আর্থিক সহায়তা পৌঁছে দিতেই এই কর্মসূচি।

নিজস্ব চিত্র
এদিন কমিউনিটি হলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহু মহিলাকে ফর্ম জমা দিতে দেখা যায়। স্থানীয় তৃণমূল কর্মীরা আবেদন প্রক্রিয়া সহজ করতে সক্রিয় ভূমিকা নেন।
অন্যদিকে, ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে বিজেপি। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তী বলেন, “যিনি কয়েকদিন আগেও বলেছিলেন অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে, তিনিই আজ নিজে ফর্ম ফিলাপ করছেন। মানুষ সব দেখছে।”
