নিখোঁজ যুবকের দেহ উদ্ধার জঙ্গল থেকে, মুক্তিপণ না দেওয়ায় খুনের অভিযোগ — দেহ রেখে পথ অবরোধে বিক্ষোভ বরাকরে
- ফ্যাক্ট ফাইল | Jun 03, 2026
নিখোঁজ যুবকের দেহ উদ্ধার জঙ্গল থেকে, মুক্তিপণ না দেওয়ায় খুনের অভিযোগ — দেহ রেখে পথ অবরোধে বিক্ষোভ বরাকরে
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -বরাকরের এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কুলটির পুনুড়ি জঙ্গলে। অপহরণ, মুক্তিপণ দাবি এবং তারপর দেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে এলাকাজুড়ে। মৃত যুবকের নাম সোনু বিশ্বকর্মা (২৪)। তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ি এলাকার স্টেশন রোড সংলগ্ন আলু গদ্দি এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে সোনু এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পরদিন সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিজস্ব চিত্র
পরিবারের অভিযোগ, বহুবার ফোন করার পর একসময় সোনুর মোবাইল চালু হয়। ফোন রিসিভ করে এক অজ্ঞাত যুবক ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যদের সন্ধ্যা ৬টার মধ্যে টাকা জোগাড় করতে বলা হয়। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয় বলে জানানো হলে ফোনটি কেটে দেওয়া হয়। এরপর থেকেই ফোন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
ঘটনার পর থেকেই সোনুর পরিবার ভেঙে পড়ে। অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। প্রথমে বরাকর ফাঁড়িতে এবং পরে কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বুধবার সকালে কুলটির পুনুড়ি জঙ্গল থেকে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। পরে আসানসোল জেলা হাসপাতালে পরিবারের সদস্যরা দেহটি সোনু বিশ্বকর্মার বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের পর মৃতদেহ বরাকরে নিয়ে আসা হলে বিকেল প্রায় ৫টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেহ রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে সোনুর এক বন্ধুকে আটক করা হয়েছে। এছাড়াও অন্ডালের কাজোড়া-লক্ষ্মীপুর এলাকার এক মহিলা বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।
নিখোঁজের পর মুক্তিপণ দাবি এবং পরে দেহ উদ্ধারের ঘটনায় এটি অপহরণ, পরিকল্পিত খুন নাকি অন্য কোনও অপরাধ—তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই প্রকৃত ঘটনা সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
