আসানসোল কোর্টের কাছে রেললাইনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
- ফ্যাক্ট ফাইল | Jun 03, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -পশ্চিম বর্ধমান জেলার আসানসোল–পুরুলিয়া রেল লাইনের আসানসোল কোর্ট এলাকার রেল ফটকের কাছে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম গৌতম সরকার (প্রায় ৫০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি চেলিডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বুধবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিট নাগাদ আসানসোল কোর্ট সংলগ্ন রেলগেট একটি ট্রেন যাতায়াতের জন্য বন্ধ ছিল। সেই সময় গৌতম সরকার বন্ধ ফটকের নিচ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি তা উপেক্ষা করে লাইন পার হতে যান।
ঠিক সেই সময় দ্রুতগতির একটি ট্রেন চলে আসায় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নিজস্ব চিত্র
ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেল কর্তৃপক্ষের তরফে বারবার সতর্ক করা হলেও অনেকেই অসাবধানতাবশত বন্ধ গেটের নিচ দিয়ে রেললাইন পারাপারের ঝুঁকি নেন। এই ঘটনায় ফের রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
