ইসিএলের পরিত্যক্ত আবাসন থেকে সরকারি ত্রিপল উদ্ধার, কুলটিতে চাঞ্চল্য।
- ফ্যাক্ট ফাইল | Jun 03, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- পশ্চিম বর্ধমান জেলার কুলটির রাধানগর পোইডি এলাকায় ইসিএলের একটি পরিত্যক্ত আবাসন থেকে সরকারি ত্রিপল, কম্বল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে আসানসোল পৌরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ইসিএলের ওই পরিত্যক্ত আবাসনে সরকারি সামগ্রী মজুত রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী গোপনে ওই আবাসনে রাখা হচ্ছিল।
.jpeg)
নিজস্ব চিত্র।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষ। পরে পুলিশের উপস্থিতিতে আবাসনের তালা ভেঙে ভিতরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে সরকারি ত্রিপল, কম্বল সহ একাধিক সামগ্রী উদ্ধার হয় বলে জানা গেছে।
এই ঘটনায় বিজেপি নেতৃত্ব সরব হয়ে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের দাবি, কেন সরকারি সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে মজুত রাখা হয়েছিল, তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি অভিযুক্ত কাউন্সিলরকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত কাউন্সিলর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই অভিযোগ তোলা হচ্ছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
