কুলটিতে পরপর দুই দিনে ২টি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়।
- ফ্যাক্ট ফাইল | Jun 03, 2026
কুলটিতে পরপর দুই দিনে ২টি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়।
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি থানার এলাকায় পরপর দুই দিনে দুইটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার কুলটির বড়িরা এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে ফের আরেকটি মৃতদেহ উদ্ধার হয় কুলটির পুনুড়ি এলাকার জঙ্গল থেকে।

নিজস্ব চিত্র।
স্থানীয় বাসিন্দারা জঙ্গলের ভিতরে এক যুবকের পচাগলা দেহ পড়ে থাকতে দেখে কুলটি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ। ঘটনাস্থলে যান কুলটি ACP শেখ জাভেদ হুসেন, কুলটি থানার আধিকারিক অশোক সিং মহাপাত্র, নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মিহির কুমার দে-সহ পুলিশ আধিকারিকরা।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কয়েকদিন আগেই যুবকের মৃত্যু হয়েছে, যার জেরে দেহে পচন ধরেছে।
পরপর দুই দিনে দুইটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
