রাজনৈতিক পালা বদলের পর ভগবানপুরে তৃণমূলের দুই তাবড় নেতা গ্রেফতার, ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।
- ফ্যাক্ট ফাইল | Jun 02, 2026
রাজনৈতিক পালা বদলের পর ভগবানপুরে তৃণমূলের দুই তাবড় নেতা গ্রেফতার, ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পালা বদলের আবহে একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।
এবার ভূপতিনগর থানার পুলিশের জালে ধরা পড়লেন ভগবানপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা অর্জুননগর অঞ্চলের প্রধান উত্তম মাইতি ওরফে অরুন মাইতি। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে জুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ জানা (বাবু)-কেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিক হিংসা, অস্ত্র আইন সহ একাধিক গুরুতর ধারায় অভিযুক্ত এই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
উল্লেখ্য, এর আগেই ভগবানপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল ভগবানপুর থানার পুলিশ হেফাজতে রয়েছেন। তার পরপরই ভগবানপুর-২ ব্লকের সভাপতি উত্তম মাইতি এবং অঞ্চল সভাপতি সন্দীপ জানার গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।
একদিকে বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক সন্ত্রাস ও দাদাগিরির অভিযোগ ছিল এই নেতাদের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই গ্রেফতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেও দাবি করা হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনাকে কেন্দ্র করে ভগবানপুরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী দিনে আরও গ্রেফতারি হতে পারে কি না, তা নিয়েও জল্পনা বাড়ছে।
