বার্নপুরে উচ্ছেদ অভিযান ঘিরে ফের উত্তেজনা, দোকান ভাঙার অভিযোগ সেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
- ফ্যাক্ট ফাইল | Jun 02, 2026
বার্নপুরে উচ্ছেদ অভিযান ঘিরে ফের উত্তেজনা, দোকান ভাঙার অভিযোগ সেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-বার্নপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। ক্লাব ভাঙতে এসে এবার বিনা নোটিশে একটি দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠল সেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
জানা গেছে, গতকাল বার্নপুরের আপার রোড এলাকায় অবস্থিত ‘নতুন দিগন্ত’ নামক একটি ক্লাব উচ্ছেদ করতে যায় সেল কর্তৃপক্ষ। সেই সময় ক্লাব সদস্যদের সঙ্গে কর্তৃপক্ষের বচসা তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত ক্লাবটি না ভেঙেই ফিরে যেতে হয় সেল আধিকারিকদের।

নিজস্ব চিত্র
কিন্তু আজ, মঙ্গলবার সকালে পুনরায় উচ্ছেদ অভিযানে আসে সেল কর্তৃপক্ষ। অভিযোগ, ক্লাব ভাঙার উদ্দেশ্যে এলেও পাশেই থাকা একটি দোকান ভেঙে ফেলা হয়। দোকান মালিকের দাবি, তাঁকে কোনও লিখিত নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করে দোকান ভেঙে দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সেল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন, যথাযথ নোটিশ ছাড়া কীভাবে উচ্ছেদ অভিযান চালানো হলো। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
অন্যদিকে, সেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে স্থানীয়দের আশঙ্কা, আগামী দিনে এলাকায় আরও উচ্ছেদ অভিযান চলতে পারে। ফলে ব্যবসায়ী ও দোকানদারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
