পশ্চিম মেদিনীপুরে সাংবাদিক নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য।
- ফ্যাক্ট ফাইল | May 29, 2026
পশ্চিম মেদিনীপুরে সাংবাদিক নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য।
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক :-মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় এক সংবাদমাধ্যমের কর্মীকে চড় মারা, হেনস্থা এবং অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল বহিষ্কৃত তৃণমূল নেতা বিনয় প্রসাদ-এর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ মদ্যপ অবস্থায় এলাকার একটি চায়ের দোকানে আচমকাই উপস্থিত হন বিনয় প্রসাদ। সেখানে কর্তব্যরত এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, কোনোরকম উসকানি ছাড়াই ওই সংবাদমাধ্যম কর্মীকে সজোরে চড় মারেন তিনি। এরপর রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিককে উদ্দেশ্য করে একের পর এক কুরুচিকর ও অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শুধু শারীরিক নিগ্রহই নয়, ওই সাংবাদিকের পেশাগত কাজ নিয়েও প্রশ্ন তোলেন অভিযুক্ত। এমনকি কুরুচিকর ভাষায় সাংবাদিকের পরিবারের সদস্যদের সম্পর্কেও অপমানজনক মন্তব্য করা হয় বলে অভিযোগ। এর ফলে কর্তব্যরত সংবাদকর্মী মানসিকভাবে হেনস্থার শিকার হন এবং তাঁর পেশাগত কাজে বাধার সৃষ্টি হয়।
ঘটনার সময় উপস্থিত সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে যান। প্রকাশ্য রাস্তায় একজন সংবাদমাধ্যম কর্মীর সঙ্গে এ ধরনের আচরণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।
