রক্তাক্ত দেহ উদ্ধার, গ্রেফতার ভাই
- ফ্যাক্ট ফাইল | May 18, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক:-এক ব্যক্তির গালা-কাটা রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে বারুইপুরের নবগ্রাম এলাকা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আলাউদ্দিন গাজি (৪০)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। এই ঘটনায় রাতেই আলাউদ্দিনের খুড়তুতো ভাই আশিক গাজিকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পর্কের টানাপোড়েনেই খুন বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রের খবর, এলাকার একটি মাঠের কাছে আলাউদ্দিনের দেহ পড়েছিল। তাঁর গলায় ধারাল অস্ত্রের কোপ ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। তদন্তে নেমে রাতেই ধরা হয় বছর ঊনিশের আশিককে।

নিজস্ব চিত্র
পরিবার ও স্থানীয় সূত্রের খবর, আশিকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল আলাউদ্দিনের স্ত্রীর। তা নিয়ে কয়েকদিন ধরেই অশান্তি চলছিল। আলাউনদ্দিন কাপড়ের ব্যবসা করতেন। রোজকার মতই শনিবারও সকালে কাজে বেরোন। সঙ্গে যান স্ত্রী নাজিরা বিবিও। কাজ থেকে ফিরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান আলাউদ্দিন। সেখানে আসে আশিকও। ছিলেন নাজিরার ভাইয়েরা। সেখানেই এক প্রস্থ বাক-বিতণ্ডার পর আলাউদ্দিন বেরিয়ে এলে, তাঁর পিছু ধাওয়া করে একটি ফাঁকা জায়গায় এসে আশিক গলায় ধারালো অস্ত্র চালিয়ে দেয় বলে অভিযোগ। গ্রেফতারের পর রবিবার আশিককে আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠিয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশিককে জেরা করা হচ্ছে। আলাউদ্দিনের স্ত্রীর কোনও ভূমিকা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আর কেউ এই ঘটনায় যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
