মাধ্যমিকে কৃতি জোহাইনাকে বিজেপির সংবর্ধনা
- ফ্যাক্ট ফাইল | May 18, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করে গঙ্গাসাগরের নাম উজ্জ্বল করল বামনখালির কৃতি ছাত্রী জোহাইনা খান। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের এই ছাত্রী মোট ৬৬৮ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম এবং সমগ্র সাগর ব্লকের মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। জোহাইনার এই সাফল্যে এলাকায় আনন্দের আবহাওয়া। রবিবার নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রীমন্ত মণ্ডলের বিশেষ নির্দেশে বামনখালিতে জোহাইনার বাড়িতে পৌঁছায় বিজেপির একটি প্রতিনিধি দল।

নিজস্ব চিত্র
কৃতি ছাত্রীকে শুভেচ্ছা জানাতে দলের পক্ষ থেকে তাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়। সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিজেপির প্রতিনিধি দল জোহাইনার পরিবারের পাশে থাকার সুনির্দিষ্ট আশ্বাস দেয়। দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে জোহাইনা যদি কোনো আর্থিক বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়, তবে বিধায়কের তরফ থেকে সমস্ত ধরনের সহযোগিতা ও সাহায্য করা হবে। বিজেপি প্রতিনিধি দলের এই উদ্যোগে এবং পাশে থাকার আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেছে কৃতি ছাত্রীর পরিবার। জোহাইনার এই সাফল্য এবং বিধায়কের এই মানবিক উদ্যোগ এলাকার অন্যান্য ছাত্র-ছাত্রীদেরও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে বলে আশাবাদী স্থানীয় শিক্ষানুরাগী মহল।
