নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক : নেপালে ভয়াবহ দুর্যোগের জেরে বিপদগ্রস্ত ও নিখোঁজ পশ্চিমবঙ্গের তীর্থযাত্রী, পর্যটক, ব্যবসায়ী ও কর্মীদের পরিবারের সঙ্গে ভবানী ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দুর্যোগের পরিস্থিতি নিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। নিখোঁজদের অবস্থান জানতে এবং বিপদে থাকা ব্যক্তিদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনতে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের বিষয়েও তাঁদের অবহিত করা হয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালে আটকে পড়া বা নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বিষয়ে ভারতীয় দূতাবাস এবং নেপাল প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের অবস্থান শনাক্ত করা, প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া এবং নিরাপদে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
এই কঠিন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য পরিবারের সদস্যদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, বিপদগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
নেপালের দুর্যোগ পরিস্থিতিতে স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবারগুলিকে দ্রুত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পৌঁছে দেওয়াই এখন প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।