নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের অধীন কানমারি বাজারের এসএসকে (SSK) স্কুলে একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্বের দাবি, নতুন সরকারের আমলে এলাকায় এটি প্রথম উন্নয়নমূলক কাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তী বিধানসভার কনভেনর প্রদীপ সরদার, ৪ নম্বর মণ্ডলের সভাপতি অভিজিৎ বর্মন, বাসন্তী বিধানসভার প্রাক্তন প্রার্থী ও বিজেপির রাজ্য কমিটির সদস্য বিকাশ সরদার, মণ্ডল সাধারণ সম্পাদক প্রভাষ এদবর, স্থানীয় বুথ সভাপতি-সহ একাধিক দলীয় নেতৃত্ব এবং স্কুলের শিক্ষিকারা।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই কমিউনিটি টয়লেট নির্মাণের ফলে স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিকাঠামো নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নাগরিক পরিকাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তাঁরা।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন কমিউনিটি টয়লেট চালু হওয়ায় এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে বলে আয়োজকদের দাবি।