নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - রাস্তায় নির্মাণ সামগ্রী ডাঁই করে রেখে সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটালে আর রেহাই নয়। এমন ঘটনার বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানিয়ে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করেছেন, নিয়ম ভাঙলেই গুণতে হবে মোটা জরিমানা। জনসাধারণের অসুবিধা সৃষ্টি করে কোনও ধরনের নির্মাণকাজ বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি।
মন্ত্রী জানান, বিভিন্ন এলাকায় বাড়ি বা বহুতল নির্মাণের সময় ইট, বালি, পাথর, সিমেন্টসহ নানা নির্মাণ সামগ্রী দীর্ঘদিন ধরে রাস্তার উপর ফেলে রাখার অভিযোগ মিলছে। এর ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও চরম সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এই পরিস্থিতিতে পুর ও নগরোন্নয়ন দফতর সংশ্লিষ্ট পুরসভাগুলিকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে। অনুমতি ছাড়া সরকারি রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখা হলে আইন অনুযায়ী জরিমানা আদায়ের পাশাপাশি প্রয়োজনে সামগ্রী সরিয়ে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মন্ত্রী আরও বলেন, উন্নয়নের কাজ অবশ্যই চলবে, তবে তা যেন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ না হয়। নির্মাণ সংস্থা, ঠিকাদার এবং বাড়ির মালিকদের নির্ধারিত নিয়ম মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি নিয়ে এবং নিরাপত্তাবিধি মেনেই রাস্তার অংশ ব্যবহার করতে হবে।
প্রশাসনের মতে, জনস্বার্থে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি চালিয়ে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।