নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- বাংলার সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত ও জনমুখী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যভবনে উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি জানান, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা, চিকিৎসার মান এবং খাবারের গুণগত মান নিশ্চিত করতে স্বাস্থ্যদফতর আরও সক্রিয় ভূমিকা নেবে।
মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যদফতরের অধীনে একটি আধুনিক কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে, যা থাকবে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জির দফতরের তত্ত্বাবধানে। এই কন্ট্রোল রুম থেকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের পরিষেবা, রোগী সুরক্ষা, চিকিৎসা ব্যবস্থা এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ের উপর নিয়মিত নজরদারি চালানো হবে।
বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মানোন্নয়নে। মুখ্যমন্ত্রীর মতে, চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর ও মানসম্মত খাবার রোগীর দ্রুত সুস্থতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তাই হাসপাতালের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, কলকাতার এসএসকেএম হাসপাতালে পুজোর আগেই আরও ২৫০টি নতুন শয্যা (বেড) যুক্ত করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। এর ফলে রোগীদের চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সহজ হবে এবং হাসপাতালের উপর চাপও কিছুটা কমবে বলে প্রশাসনের আশা।
সরকারের দাবি, বদলের বাংলায় স্বাস্থ্যপরিষেবাকে আধুনিক, স্বচ্ছ এবং আরও কার্যকর করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কন্ট্রোল রুম চালু হলে হাসপাতালগুলির পরিষেবার উপর রিয়েল-টাইম নজরদারি সম্ভব হবে এবং রোগীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্বাস্থ্যদফতরের এই নতুন উদ্যোগকে রাজ্যের সরকারি স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।