আসানসোলের হাটন রোড থেকে ইসমাইল মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান, চললো বুলডোজার
- ফ্যাক্ট ফাইল | Jun 17, 2026
নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক - আসানসোল শহরকে যানজট মুক্ত ও রাস্তা দখলমুক্ত করতে অবশেষে বড়সড় উচ্ছেদ অভিযানে নামল আসানসোল পৌর নিগম। বুধবার দুপুর প্রায় ১২টা নাগাদ আসানসোলের হাটন রোড থেকে ইসমাইল মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় চলল বুলডোজার অভিযান। অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের আধিকারিকরা এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী।
পৌর নিগম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই রাস্তার দুই পাশে বেআইনিভাবে দোকান ও বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষের চলাচলেও সমস্যার মুখে পড়তে হচ্ছিল প্রতিদিন। সেই কারণেই বহুবার নোটিশ দেওয়া হয় এবং মাইকিং করে সতর্কও করা হয়েছিল ব্যবসায়ী ও দখলদারদের। তবে নানা কারণে বারবার পিছিয়ে যাচ্ছিল উচ্ছেদ অভিযান।

অবশেষে এদিন প্রশাসন কড়া পদক্ষেপ নেয়। সকাল থেকেই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এরপর বুলডোজার নিয়ে শুরু হয় দখলমুক্ত করার কাজ। যদিও প্রশাসনের পূর্ব সতর্কবার্তার জেরে অধিকাংশ দোকানদার নিজেরাই দোকানের সামনে তৈরি করা অবৈধ অংশ খুলে ফেলেন। ফলে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
অভিযান চলাকালীন পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটসাঁট। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে আগামী দিনেও এ ধরনের অভিযান চলবে। শহরকে আরও সুন্দর ও যানজটমুক্ত করতেই এই পদক্ষেপ বলে দাবি প্রশাসনের।
