ফলতার জন্য বিশেষ চমক! ১৭ জুন মুখ্যমন্ত্রীর জনকল্যাণ সফর
- ফ্যাক্ট ফাইল | Jun 16, 2026
নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা এলাকায় আগামী ১৭ জুন এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ফলতার ফতেপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সরকারের বৃহৎ জনকল্যাণ শিবির। এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ফলতা এলাকার উন্নয়নের জন্য একাধিক বিশেষ প্রকল্প ও প্যাকেজ ঘোষণা করা হতে পারে এই সভা থেকে।
ইতিমধ্যেই গোটা ফতেপুর এলাকা জুড়ে শুরু হয়েছে সাজসজ্জার কাজ। রাস্তার দু’ধারে ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জা এবং মঞ্চ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। অনেকের মতে, বিগত দিনের রাজনৈতিক কর্মসূচির তুলনায় এবার যেন এক আলাদা আবেগ কাজ করছে এলাকাজুড়ে। যেন একজন অভিভাবককে স্বাগত জানাতে প্রস্তুত ফলতাবাসী।
.jpeg)
এই জনকল্যাণ শিবিরকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, জেলার সমস্ত বিধায়কদের উপস্থিত থাকার কথা রয়েছে এই অনুষ্ঠানে। তবে এটি সম্পূর্ণরূপে রাজ্য সরকারের প্রশাসনিক অনুষ্ঠান হওয়ায় কোনও দলীয় বা সাংগঠনিক নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে রাখা হচ্ছে না মঞ্চে। প্রশাসনিক পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
ফলতার বিধায়ক Debangshu Panda ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি মাঠ, নিরাপত্তা ব্যবস্থা, দর্শকাসন, পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবার বিষয়গুলি পর্যবেক্ষণ করেন। বিধায়কের কথায়, “মানুষের সুবিধার কথা মাথায় রেখেই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে সরকারি পরিষেবা পেতে পারেন।
প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, এই জনকল্যাণ শিবিরে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা, কৃষি সহায়তা, ছাত্রছাত্রীদের জন্য সরকারি প্রকল্প, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত সুবিধা সহ একাধিক পরিষেবা দেওয়া হবে এক ছাদের তলায়। ফলে সাধারণ মানুষের উপস্থিতিও ব্যাপক হবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সভাস্থলের নিরাপত্তা— সবদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে।
সব মিলিয়ে, ১৭ জুনের এই জনকল্যাণ শিবির এখন ফলতা তথা দক্ষিণ ২৪ পরগনার অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রশাসনিক কর্মসূচির মাধ্যমে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর এই সফর যে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই যায়।
