ফলতার নৈনানের কাছে দুর্ঘটনার কবলে বিদেশি জাহাজ, হুগলি নদীতে চাঞ্চল্য
- ফ্যাক্ট ফাইল | Jun 16, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার নৈনান এলাকার কাছে হুগলি নদীতে দুর্ঘটনার কবলে পড়ল একটি বিদেশি জাহাজ। নদীপথে চলাচলের সময় আচমকাই নদীর তটে ধাক্কা মারে বিশাল আকৃতির ওই জাহাজটি। প্রবল ধাক্কার পর জাহাজটি নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জাহাজটি হুগলি নদী ধরে কলকাতা বন্দরের দিকে যাচ্ছিল। সেই সময় নৈনানের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নদীর তীরে ধাক্কা লাগে। জাহাজের ধাক্কায় নদীর পাড়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নদী পুলিশ, বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনের আধিকারিকরা। জাহাজে থাকা কর্মীদের নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নদীর প্রবল স্রোত, নাব্যতার সমস্যা অথবা যান্ত্রিক ত্রুটির কারণেই জাহাজটি নিয়ন্ত্রণ হারাতে পারে।
এদিকে দুর্ঘটনার জেরে ওই নদীপথে সাময়িকভাবে নৌ চলাচলে কিছুটা প্রভাব পড়েছে। প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে এবং জাহাজটিকে নিরাপদে সরানোর কাজ শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ জোরালো শব্দ শুনে তাঁরা নদীর ধারে ছুটে আসেন। বিশাল জাহাজটিকে নদীর তটে আটকে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড়ও জমে যায় নদীর ধারে।
পুরো বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
