আসানসোলে উচ্ছেদ অভিযান, হাটন রোড থেকে ইসমাইল মোড় পর্যন্ত চললো বুলডোজার
- ফ্যাক্ট ফাইল | Jun 15, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - যানজট মুক্ত শহর গড়ার লক্ষ্যে অবশেষে বড়সড় উচ্ছেদ অভিযানে নামল আসানসোল পৌর নিগম। সোমবার আসানসোলের হাটন রোড থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে অবৈধ দখল সরাতে চললো বুলডোজার। অভিযানে উপস্থিত ছিলেন পৌর নিগমের আধিকারিকরা এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর বিশাল পুলিশ বাহিনী।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আসানসোল শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বেআইনি দখল এবং ফুটপাত জবরদখলের কারণে তীব্র যানজটের সমস্যা তৈরি হচ্ছিল। সেই কারণে একাধিকবার নোটিশ দেওয়া হয় এবং মাইকিং করেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল যে রাস্তার দু’পাশ দখলমুক্ত করা হবে। যদিও বিভিন্ন কারণে এতদিন সেই অভিযান স্থগিত ছিল।
অবশেষে সোমবার সকাল থেকেই প্রশাসনের তরফে শুরু হয় উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ নির্মাণ ভাঙা হয়। তবে প্রশাসনের কড়া অবস্থানের জেরে অধিকাংশ দোকানদার আগেই নিজেদের দোকানের অস্থায়ী অংশ খুলে ফেলেন বলে জানা গিয়েছে।

অভিযান চলাকালীন গোটা এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের দাবি, শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়দের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানালেও, কিছু ব্যবসায়ীর মধ্যে অসন্তোষও দেখা গিয়েছে। তবে পৌর প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শহরকে দখলমুক্ত ও যানজটহীন রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।
