লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর, প্রশ্ন তুললেন ভুয়ো উপভোক্তা নিয়ে
- ফ্যাক্ট ফাইল | Jun 15, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, রাজ্যে এমন লক্ষ লক্ষ অ্যাকাউন্ট রয়েছে যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তবুও নিয়ম বহির্ভূতভাবে ভাতা পাচ্ছেন।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, বহু ক্ষেত্রে মৃত ভোটারের নামেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে। পাশাপাশি এমন অনেক উপভোক্তার নাম তালিকায় রয়েছে যারা ভারতীয় নাগরিক নন বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে ভুয়ো ও অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে।

বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। তিনি প্রশাসনের কাছে প্রকল্পের পূর্ণাঙ্গ যাচাই ও উপভোক্তাদের তথ্য পুনরায় খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বচ্ছ তদন্তেরও দাবি তোলেন তিনি।
অন্যদিকে, শাসকদলের পক্ষ থেকে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করা হয়েছে। যদিও সরকারি তরফে এখনও এ বিষয়ে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের কোটি কোটি মহিলাকে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর নতুন নয়, তবে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
