লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সারা রাজ্য জুড়ে প্রাকৃতিক কৃষি নিয়ে কর্মশালা, ফলতায় কৃষকদের উৎসাহ বাড়াতে বিশেষ উদ্যোগ

  • চাষী ভাই বলছি | Jun 14, 2026

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - রাজ্যজুড়ে কৃষিক্ষেত্রে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত চাষাবাদকে আরও প্রসারিত করতে শুরু হয়েছে “প্রাকৃতিক কৃষি কর্মশালা”। সেই উদ্যোগের অংশ হিসেবেই ফলতা বিধানসভা এলাকায় আয়োজিত হল এক বিশেষ কৃষক কর্মশালা, যেখানে উপস্থিত ছিলেন ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডা, কৃষি দফতরের আধিকারিকরা এবং এলাকার বহু কৃষক ও কৃষিকর্মী।

 

এই কর্মশালায় মূলত রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে চাষাবাদের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি বিশেষজ্ঞরা জানান, বর্তমানে জমির উর্বরতা কমে যাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং পরিবেশ দূষণের মতো সমস্যার সমাধানে প্রাকৃতিক কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

 

নিজস্ব চিত্র

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দেবাংশু পান্ডা বলেন,“কৃষকরা আমাদের সমাজের মেরুদণ্ড। তাঁদের আর্থিক সুরক্ষা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রাকৃতিক কৃষির বিকল্প নেই। রাজ্য সরকার কৃষকদের পাশে থেকে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি শেখানোর জন্য ধারাবাহিকভাবে এই ধরনের কর্মশালার আয়োজন করছে।

 

কৃষি আধিকারিকরা কর্মশালায় জৈব সার তৈরি, গোবর ও জীবাণু ভিত্তিক সার ব্যবহারের উপকারিতা, কম খরচে অধিক ফলন পাওয়ার উপায় এবং মাটির স্বাভাবিক শক্তি বজায় রাখার বিভিন্ন পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এছাড়াও কৃষকদের বিভিন্ন সরকারি প্রকল্প ও কৃষি সহায়তা সংক্রান্ত তথ্যও তুলে ধরা হয়।

 

এদিনের কর্মশালায় উপস্থিত কৃষকদের একাংশ জানান, রাসায়নিক নির্ভর চাষের ফলে খরচ যেমন বাড়ছে, তেমনই জমির উৎপাদন ক্ষমতাও ধীরে ধীরে কমছে। তাই প্রাকৃতিক কৃষির প্রতি আগ্রহ বাড়ছে গ্রামের কৃষকদের মধ্যে। কর্মশালায় অংশ নিয়ে তাঁরা নতুন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরে উৎসাহিত।

 

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কৃষিকর্মী ও আধিকারিকরাও জানান, আগামী দিনে আরও বেশি সংখ্যক কৃষকের কাছে প্রাকৃতিক কৃষির বার্তা পৌঁছে দিতে ব্লক ও গ্রাম স্তরে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

 

রাজ্যের কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়েই এই কর্মশালার আয়োজন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।