গৃহবধূর টাকা ঢুকত পঞ্চায়েত কর্মীর স্ত্রীর অ্যাকাউন্টে, চাঞ্চল্য
- পঞ্চায়েতের পাঁচ কাহন | Jun 11, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের শ্রীনগর গ্রামে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। অভিযোগ, এক গৃহবধূর নামে সরকারি প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে ঢুকছিল এক পঞ্চায়েত কর্মীর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ সম্প্রতি নিজের ব্যাঙ্ক সংক্রান্ত নথি যাচাই করতে গিয়ে জানতে পারেন, তাঁর নামে বরাদ্দ হওয়া লক্ষ্মী ভাণ্ডারের টাকা তিনি পাচ্ছেন না। পরে তদন্তে উঠে আসে, টাকার লেনদেন অন্য একটি অ্যাকাউন্টে হচ্ছে, যা এক পঞ্চায়েত কর্মীর স্ত্রীর নামে বলে অভিযোগ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম চলছিল। যদিও অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে স্থানীয় মহলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় ফের একবার সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও সুবিধাভোগীদের তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
