লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


চিকিৎসকের ভুল পরামর্শ ও রোগীর পরিজনদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে চাঞ্চল্য

  • শরীর স্বাস্থ্য | Jun 08, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক - সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কামাখ্যাগুড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামাখ্যাগুড়ির এক বাসিন্দার সাড়ে তিন বছর বয়সী ভাস্তি বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়। দুর্ঘটনায় শিশুটির হাত বেঁকে যায় এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কামাখ্যাগুড়ি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেই সময় কর্তব্যরত ছিলেন চিকিৎসক ডাঃ ইন্তেজামুল হাসনেইন খান।

 

নিজস্ব চিত্র

 

অভিযোগ, চিকিৎসক শিশুটিকে প্রাথমিকভাবে পরীক্ষা করে একটি প্রেসক্রিপশন লিখে দিলেও কোনো এক্স-রে করানোর পরামর্শ দেননি। শিশুটির জেঠু আঘাতের গভীরতা বুঝে বিনীতভাবে এক্স-রে করার অনুরোধ জানালে চিকিৎসক ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ। পরিবারের দাবি, ওই চিকিৎসক অপমানজনক ভাষায় বলেন, “তুমি কি বেশি বোঝো? তুমি ডাক্তার না আমি ডাক্তার? এত যদি বোঝো তাহলে হাসপাতালে কেন আসছো? কোনো কিছু করতে হবে না, বাড়ি নিয়ে চলে যাও।

 

চিকিৎসকের এমন আচরণে হতবাক হয়ে পরিবারটি নিজেদের উদ্যোগে বাইরে থেকে এক্স-রে করায়। রিপোর্টে শিশুটির হাতের হাড় ভাঙার (Fracture) বিষয়টি ধরা পড়ে। এরপর রিপোর্ট নিয়ে পুনরায় হাসপাতালে গেলে চিকিৎসক হাড় ভাঙার বিষয়টি স্বীকার করলেও পরিবারের সঙ্গে পুনরায় দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

 

ঘটনার পর ক্ষুব্ধ পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের কাছে ইমেল মারফত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, একজন চিকিৎসকের কাছ থেকে এই ধরনের ভুল পরামর্শ ও রোগীর আত্মীয়দের সঙ্গে কুরুচিকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা অভিযুক্ত চিকিৎসকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।