লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সাগর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখলেন সুমন্ত মন্ডল

  • শরীর স্বাস্থ্য | May 30, 2026

সাগর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখলেন সুমন্ত মন্ডল

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- সাগর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং রোগী রেফার সংক্রান্ত বিষয়ে কড়া অবস্থান নিলেন বিধায়ক সুমন্ত মন্ডল। বৃহস্পতিবার সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও এবং বিএমওএইচ-এর উপস্থিতিতে রোগী কল্যাণ সমিতির এক জরুরি বৈঠকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সাগর থানার ওসি, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য এবং এই বিষয়ে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।

হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি স্বাস্থ্য দপ্তরের কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বিশেষ করে রোগী রেফার করার প্রবণতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিধায়ক জানান, কোনো রোগীকে অন্যত্র রেফার করা হলে তিনি কোথায় ভর্তি হলেন, কী ধরনের চিকিৎসা পাচ্ছেন এবং তার বর্তমান অবস্থা কী— সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে হবে।

তিনি আরও বলেন, রোগীকে রেফার করার পর হাসপাতালের দায়িত্ব শেষ হয়ে যায় না। যদি কোনো রোগী যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হন, তাহলে তার দায় এড়ানো যাবে না। এ বিষয়ে রোগী কল্যাণ সমিতি এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের জবাবদিহি করতে হবে বলেও তিনি সতর্ক করেন।

নিজস্ব চিত্র

এদিন হাসপাতালের বর্তমান পরিকাঠামো, পরিষেবা ব্যবস্থা এবং বিভিন্ন সমস্যার দিক খতিয়ে দেখেন বিধায়ক। দ্রুত স্বাস্থ্য পরিষেবার আরও উন্নয়ন এবং সাগরবাসীর জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও রোগীদের স্বার্থ রক্ষায় এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতে হাসপাতালের পরিষেবার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।