পুকুরে মিলল সরকারি জল প্রকল্পের পাইপ, কাদুয়া মুকুন্দপুরে চাঞ্চল্য
- ফ্যাক্ট ফাইল | Jun 06, 2026
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের বামুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কাদুয়া মুকুন্দপুর গ্রামে একাধিক পুকুর থেকে সরকারি জল প্রকল্পের পাইপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা পুকুরে পাইপ ভাসতে দেখে সন্দেহ হলে উদ্ধার কাজ শুরু করেন। এরপর একের পর এক পুকুর থেকে বিপুল পরিমাণ পাইপ উদ্ধার হয় বলে দাবি।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রকল্পের কাজে ব্যবহৃত এই পাইপগুলি কে বা কারা রাতের অন্ধকারে পুকুরে ফেলে রেখে গেছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

গ্রামবাসীদের দাবি, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করুক পুলিশ ও প্রশাসন। সরকারি সম্পত্তি কীভাবে পুকুরে এল, সেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই উদ্ধার হওয়া পাইপগুলি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোথা থেকে পাইপগুলি আনা হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
