Home জেলার চালচিত্র পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা চাষী ভাই বলছি জেলার সেনাপতি শরীর স্বাস্থ্য ফ্যাক্ট ফাইল সম্পাদকিয় কলম

গ্যাস-পেট্রোলের মূল্যবৃদ্ধি ও নিট কেলেঙ্কারির প্রতিবাদে বারুইপুরে কংগ্রেসের মহামিছিল, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

28 Jun 2026
01:08 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দাম এবং দেশজুড়ে আলোড়ন ফেলা নিট (NEET) পরীক্ষার দুর্নীতির প্রতিবাদে রবিবার বারুইপুরে বিশাল মহামিছিল করল দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস। একাধিক জনজীবনের গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও তরজা।

দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটি-২ এর উদ্যোগে এবং জেলা সভাপতি তপন মণ্ডলের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়। বারুইপুর পুরাতন বাজার সংলগ্ন রাসমাঠ থেকে শুরু হয়ে মিছিলটি বারুইপুর থানায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ।

মিছিল থেকে কংগ্রেস নেতৃত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। তাঁদের অভিযোগ, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি বাজারে গ্যাসের জোগান ঘাটতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি ও বেআইনি মজুতদারির বিরুদ্ধেও সরব হয় কংগ্রেস। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়।

এছাড়াও পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে দাবি করা হয়। অন্যদিকে, সাম্প্রতিক নিট (NEET) পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ তুলে সারা দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস নেতৃত্ব। নিরপেক্ষ ও কড়া তদন্তের দাবিও জানানো হয়।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা হাতে মিছিল জুড়ে ছিল স্লোগানের ঝড়। কেন্দ্র ও রাজ্য— উভয় সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। কংগ্রেসের এই বৃহৎ জমায়েতকে ঘিরে বারুইপুরের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

প্রশাসনের তরফ থেকে মিছিল চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

BengalNews #Inflation #CongressProtest