নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠের নতুন বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো শনিবার সকালে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুরনো ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সরকারি উদ্যোগে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া এলাকাজুড়ে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নারিকেল ফাটিয়ে এবং ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের শুভ সূচনা করেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী Arup Kumar Das। তিনি বলেন, শিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে এবং গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ করে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড়্যা, সহ-সভাপতি উমেশ প্রধান, কর্মাধ্যক্ষ নীলেশ মণ্ডল, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত বর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য গুড়িয়া-সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুরনো ভবনের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। বর্ষাকালে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হত। নতুন ভবন নির্মিত হলে ছাত্রছাত্রীরা আরও নিরাপদ, আধুনিক ও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের ফলে এলাকার শিক্ষাব্যবস্থাও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।
নতুন ভবনের কাজ শুরু হওয়ায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় অনেকেই রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সরকারি আর্থিক সহায়তায় নির্মিত হতে চলা এই বিদ্যালয় ভবন আগামী দিনে এলাকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন উপস্থিত অতিথিরা।