নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -আসানসোলের কুলটির নিয়ামতপুরস্থিত কেয়ারিং যোগা সেন্টারে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক স্তরে সোনা জয়ী যোগ প্রশিক্ষক টুম্পা নন্দী। যোগচর্চা ও সুস্থ জীবনের বার্তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
টুম্পা নন্দী জানান, তিনি নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় নিজের বয়স বিভাগে স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়াও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা পেয়েছেন। বর্তমানে তিনি কোচ হিসেবে নতুন প্রজন্মকে যোগচর্চায় উৎসাহিত করছেন।
তিনি বলেন,“আমি নানা জায়গায় রিপ্রেজেন্ট করেছি। নেপালে আন্তর্জাতিক স্তরে গেছি, ন্যাশনাল খেলেছি। সম্প্রতি আমার সেন্টারের ৯ জন স্টুডেন্ট জাতীয় স্তরে অংশ নিয়ে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক পেয়েছে। এখন তাদের আরও ভালোভাবে তৈরি করছি, যাতে আগামী দিনে আন্তর্জাতিক স্তরেও দেশের নাম উজ্জ্বল করতে পারে।”
যোগ দিবস উপলক্ষে তিনি সমাজের উদ্দেশ্যে বার্তা দেন,“স্কুল, কলেজ সর্বত্র যোগাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সুস্থ থাকতে যোগের বিকল্প নেই। করো যোগ, রহো নিরোগ।”
এবারের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ‘হেলদি এজিং’ বা সুস্থ বার্ধক্যের প্রসঙ্গ টেনে টুম্পা নন্দী বলেন, নিয়মিত যোগচর্চা করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে এবং ওষুধের উপর নির্ভরতা অনেকটাই কমে যায়।
অনুষ্ঠানে উপস্থিত এক মুসলিম মহিলাও যোগচর্চার গুরুত্ব তুলে ধরে সম্প্রীতি ও সুস্থ সমাজ গঠনের বার্তা দেন। তিনি জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উচিত শরীর ও মনের সুস্থতার জন্য যোগকে জীবনের অংশ করে তোলা।